সোমবার ২ নভেম্বর ২০২৬ - ২৩:৪৯
৯ মাসে আফ্রিকার সঙ্গে ইরানের বাণিজ্য বেড়েছে ৬৬ শতাংশ

হাওজা নিউজ এজেন্সি— ২০২৫ সালের ২১ মার্চ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত আফ্রিকার সঙ্গে ইরানের বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯৪ কোটি ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় এ প্রবৃদ্ধি ৬৬ শতাংশ। তবে আফ্রিকার বিশাল বাজারের তুলনায় বাণিজ্যের এ পরিমাণ এখনো সীমিত বলে মনে করছেন ইরানের কৃষিমন্ত্রী।

ইরান-আফ্রিকা কৃষি সহযোগিতা-বিষয়ক প্রথম জাতীয় সম্মেলনে দেশটির কৃষিমন্ত্রী নুরি কাজেলজেহ বলেন, বাণিজ্যে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হলেও দুই পক্ষের বিদ্যমান সম্ভাবনার তুলনায় এর পরিমাণ অনেক কম। একশ কোটির বেশি মানুষের বাজার আফ্রিকা মহাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে পরিকল্পিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

‘তেহরান টাইমস’-এর বরাতে তিনি বলেন, আফ্রিকা থেকে ইরানের আমদানির প্রায় দুই-তৃতীয়াংশই খাদ্য ও কৃষিপণ্য। তাই এ খাতের সহযোগিতা শুধু একমুখী বাণিজ্যে সীমাবদ্ধ না রেখে যৌথ বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং উৎপাদন ও মূল্য সংযোজনের সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার দিকে এগিয়ে নিতে হবে।

কৃষিমন্ত্রী বলেন, এ লক্ষ্য অর্জনে প্রশাসনিক প্রতিবন্ধকতা দূর করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানো জরুরি। টেকসই অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তুলতে ব্যবসায়ীদের জন্য স্পষ্ট নীতিমালা, নির্ভরযোগ্য পরিবহনব্যবস্থা, কার্যকর অর্থ পরিশোধ পদ্ধতি, বিমা ও বিনিয়োগ সুরক্ষা এবং পূর্বানুমানযোগ্য বিধিবিধান নিশ্চিত করতে হবে। এ ছাড়া শুল্ক কমানো ও বাণিজ্য সহজীকরণে দ্বিপক্ষীয় চুক্তি এবং আঞ্চলিক সহযোগিতা কাঠামোর সম্ভাবনা পর্যালোচনার আহ্বান জানান তিনি।

বাস্তবায়নসংক্রান্ত সমস্যা সমাধানে প্রতিটি প্রকল্পের প্রতিবন্ধকতা চিহ্নিত ও নথিভুক্ত করা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব নির্ধারণ এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে অগ্রগতি মূল্যায়নের ওপরও গুরুত্ব দেন নুরি কাজেলজেহ।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আফ্রিকার সঙ্গে কৃষি খাতে যৌথ সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে। এসব সুযোগকে সুনির্দিষ্ট প্রকল্প ও দীর্ঘস্থায়ী অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দিতে হবে।

সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, অর্থনৈতিক উপদেষ্টা, অনারারি কনসাল, সরকারি সংস্থার কর্মকর্তা, অর্থনৈতিক সংগঠনের প্রতিনিধি, উদ্যোক্তা ও বিনিয়োগকারীসহ দুই শতাধিক প্রতিনিধি অংশ নেন। কৃষিমন্ত্রীর মতে, তাঁদের অংশগ্রহণ ইরান-আফ্রিকা সম্পর্ক সম্প্রসারণের রাজনৈতিক সদিচ্ছাকে বাস্তব প্রকল্প ও দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সহযোগিতায় রূপ দেওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha